প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
মোটরসাইকেলে ধাওয়া করে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দায় মামলা করতে যাওয়ার পথে মোটরসাইকেল আটকে আক্রাম মিয়া (৪৫) নামে একজন কে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাতিজা আলামিন মাস্টার পলাতক রয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকাল তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে এই ঘটনা।
নিহত আক্রাম মিয়া উপজেলার বিষকা ইউনিয়নের নগুয়া গ্রামের ওসমান গণির ছেলে। ঘাতক আলামিন নিহতের ভাতিজা।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাশিদ ভাতিজার হাতে চাচা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত আক্রাম হোসেনের সাথে দীর্ঘদিন যাবত ভাতিজা আলামিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে দুই পক্ষের মাঝে বেশ কয়েকটি সালিশ হয়েছে। তবে, কোন মিমাংসা হয়নি। ঘটনার দিন দুপুরে আক্রাম মামলা করতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে ভাতিজা আলামিন রোকজন নিয়ে চাচা আক্রাম মিয়ার মোটরসাইকেলের গতিরোধ করে। এতে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে আলামিন চাচার বুকের পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আক্রাম মিয়া মারা যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তারাকান্দা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তারাকান্দা থানায় নিয়ে যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ