স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে সরকারি রাজস্ব আদায় করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা-এর নেতৃত্বে ভূমি অফিসের সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও ডিজিটাল কার্যক্রমের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি এসেছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে।
রাজস্ব আদায়ের খাতভিত্তিক তথ্য অনুযায়ী ভূমি উন্নয়ন কর থেকে আদায় হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। অনলাইনে আদায়কৃত নামজারি ফি থেকে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা। চলনাদিত্ব (মিউটেশন) নবায়ন বাবদ ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা।
ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা।
মোবাইল কোর্টের মাধ্যমে আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, "সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নত ভূমি ব্যবস্থাপনায় আমরা নিরলসভাবে কাজ করে যাব।
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার প্রসার এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য ময়মনসিংহ সদর উপজেলার সকল ভূমি মালিক, সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।