রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
উপজেলা সদর থেকে দূরত্ব মাত্র দুই-আড়াই কিলোমিটার। অথচ দীর্ঘ ২৫–৩০ বছর ধরে ভেঙে যাওয়া একটি কালভার্ট পুনর্নির্মাণ না হওয়া এবং একটি সড়ক পাকা না করায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার কুটির চর ও ফলুয়ার চর গ্রামের হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুটির চর এলাকার খালের ওপর থাকা কালভার্টটি প্রায় তিন দশক আগে পানির স্রোতে ভেঙে যায়। এরপর থেকে সেখানে নতুন কোনো কালভার্ট নির্মিত হয়নি। একই সাথে, মোঃ আব্দুস সালামের দোকান থেকে পশ্চিম ফলুয়ার চর পর্যন্ত মাটির সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ২০১৬-১৭ সালের দিকে এলাকাবাসী নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা ভেঙে যায়। বর্তমানে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় খাল পারাপার হচ্ছেন বাসিন্দারা।
এলাকাবাসীর পক্ষে ক্ষোভ প্রকাশ করে সাবেক মেম্বার মোঃ আজমল হক মোড়লের পুত্র মোঃ শাহাদ আলী বলেন,"দীর্ঘদিন ধরে আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছ থেকে শুধু আশ্বাসই পাচ্ছি। একটি কালভার্ট ও ভালো রাস্তার অভাবে প্রতিদিন হাজারো মানুষ কষ্ট পাচ্ছে।"
প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শিক্ষক, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ হাজারো মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। রাস্তা ও কালভার্ট না থাকায় নারী, বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ চরমে। জরুরি চিকিৎসায় কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ নেই।
খালের পাশেই এলাকার একমাত্র কবরস্থান। বর্ষা বা বন্যার সময়ে কোনো ব্যক্তি মারা গেলে মরদেহ কবরস্থানে নিয়ে যেতে স্বজনদের চরম বেগ পেতে হয়।
ভুক্তভোগী জনগণের অভিযোগ, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবহেলিত এই অঞ্চলের শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত একটি টেকসই কালভার্ট পুনর্নির্মাণ এবং সড়কটি পাকা করার জোর দাবি জানিয়েছেন রৌমারীর ভুক্তভোগী মানুষেরা।
এ জাতীয় আরো খবর..