নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের জন্য বরাদ্দকৃত ১০০০টি ভিজিএফ (VGF) কার্ড আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি পরিচয় দিয়ে এই বিপুল পরিমাণ কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়নের সাবেক বিএনপি'র সাধারণ সম্পাদক মনজুরুল হক মুঞ্জুর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের অভিযোগ থেকে জানা যায়, ঘাগড়া ইউনিয়নে এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে ৪,১৪০টি দুস্থ পরিবারের জন্য সরকারি খাদ্য সহায়তার (ভিজিএফ) কার্ড বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ ইউনিয়ন প্রশাসক ও মেম্বারদের মাধ্যমে এই কার্ডগুলো প্রকৃত অভাবীদের মাঝে বিতরণ করার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, প্রভাবশালী নেতা মনজুরুল হক মুঞ্জু স্থানীয় এমপি'র নাম ভাঙিয়ে ১০০০টি কার্ড নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। তবে কার্ডগুলো নিজের জিম্মায় নিলেও তিনি সেগুলো সাধারণ মানুষের মাঝে বিতরণ করেননি। দীর্ঘসময় অতিবাহিত হলেও ওই এক হাজার কার্ডের কোনো হদিস মেলেনি।
সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, শত শত দুস্থ মানুষ চালের আশায় ইউনিয়ন পরিষদে গিয়ে খালি হাতে ফিরে আসছেন। ভুক্তভোগী এক এলাকাবাসী আক্ষেপ করে বলেন, "আমরা গরীব মানুষ, কার্ডের আশায় মেম্বারদের কাছে যাই। কিন্তু শুনতে পাই কার্ড নাকি মুনজু সাহেব নিয়ে গেছেন। এখন চালও পাচ্ছি না, কার্ডের হিসাবও পাচ্ছি না। আমাদের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে।"
স্থানীয়দের দাবি, মুঞ্জু কেবল সরকারি সম্পদ আত্মসাৎই করেননি, বরং তিনি এমপির প্রতিনিধি পরিচয় দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। এছাড়া রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, গত নির্বাচনের সময় তিনি গোপনে বিরোধী রাজনৈতিক দল জামাতে ইসলামী মনোনিত এমপি'র সাথে আঁতাত করে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। নিজের আধিপত্য বজায় রাখতে তিনি এখন সরকারি ত্রাণ নিয়ে নয় ছয় করছেন বলে অভিযোগ উঠেছে।
এই চাঞ্চল্যকর চুরির ঘটনায় ঘাগড়া ইউনিয়নের সাধারণ মানুষ ও সচেতন মহল ক্ষুব্ধ। তারা দ্রুত এই ১০০০ কার্ড উদ্ধার করে প্রকৃত দুস্থদের মাঝে চাল বিতরণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযুক্ত মনজুরুল হক মুঞ্জুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্তকে তার মোবাইল নাম্বার
017121***74 যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ জাতীয় আরো খবর..